ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ দুলাল সরকার, গজারিয়া প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়ার চাঞ্চল্যকর রাকিব হত্যা মামলার অন্যতম অভিযুক্ত ও নৌ-ডাকাত পিয়াস গ্রুপের দুর্ধর্ষ সদস্য নাহিদ হোসেন ওরফে জিদানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৭ এপ্রিল) কুমিল্লা জেলার কোতোয়ালি থানাধীন আনোয়ার হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল দিবাগত রাতে নৌ-ডাকাত পিয়াস গ্রুপের সদস্য রাকিবকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায় একদল সন্ত্রাসী। এরপর তাকে নির্মমভাবে শারীরিক নির্যাতন করে অচেতন অবস্থায় ফেলে রেখে যায়। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় গজারিয়া থানায় একটি হত্যা মামলা রুজু হয়।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এর তদারকিতে মামলার রহস্য উদ্ঘাটনে মাঠে নামে জেলা পুলিশের একাধিক টিম। এর আগে গত ২৩ এপ্রিল এই মামলায় মো. সালাম নামে একজনকে গজারিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিল।
তারই ধারাবাহিকতায় আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার অন্যতম সন্ধিগ্ধ আসামি জিদানকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জিদান গজারিয়া উপজেলার পোড়াচক বাউশিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।
গজারিয়া থানা পুলিশ জানায়, জিদানকে গ্রেফতারের পর বাউশিয়াসহ বিভিন্ন এলাকায় তার সহযোগীদের ধরতে অভিযান চালানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের সাড়াশি অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ