বরিশালে ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে জরিমানা

বরিশালে ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে জরিমানা

সাঈদ পান্থ, বরিশাল: বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে আটটি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালকে মোট ২ লাখ ৮২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নগরীর বান্দ রোড এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) বরিশাল জেলা কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন নজরদারির পর এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী। মূলত মেয়াদোত্তীর্ণ কীট ব্যবহার এবং প্রয়োজনীয় সনদ না থাকার অভিযোগে এই দণ্ড প্রদান করা হয়।

অভিযানে যে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়েছে সেগুলো হলো: রংধনু ডায়াগনস্টিক সেন্টার: ১ লাখ টাকা। নিউ বেবিলন মেডিকেল সার্ভিসেস: ৫০ হাজার টাকা। ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার: ৪৫ হাজার টাকা। আল-আকসা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার: ৪০ হাজার টাকা। বরিশাল সিটি জেনারেল হসপিটাল: ২০ হাজার টাকা। হেলথ এইড ও নোভা মেডিকেল সার্ভিসেস: ১০ হাজার টাকা করে। গেইন ডায়াগনস্টিক অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টার: ৭ হাজার টাকা।

অভিযানে এনএসআই-এর কর্মকর্তা-কর্মচারী, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা ও বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের রিজার্ভ ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরণের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন