কিশোরগঞ্জে শিক্ষকদের বিশেষ শিক্ষা ও প্রতিবন্ধিতা (SEND) বিষয়ক প্রশিক্ষণ

কিশোরগঞ্জে শিক্ষকদের বিশেষ শিক্ষা ও প্রতিবন্ধিতা (SEND) বিষয়ক প্রশিক্ষণ

শাফায়েত নাজমুল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ সদর উপজেলা রিসোর্স সেন্টারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকদের পাঁচ দিনব্যাপী ‘স্পেশাল এডুকেশন নিডস অ্যান্ড ডিজঅ্যাবিলিটিজ’ (SEND) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। গত রবিবার শুরু হওয়া এই প্রশিক্ষণে মঙ্গলবার (২৮ এপ্রিল) বিশেষ অতিথি ও পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পিটিআই-এর সুপারিনটেনডেন্ট মোছা. ফাতেমা খাতুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমতাজ বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন পিটিআই-এর সহকারী সুপারিনটেনডেন্ট ও আইসিটি ইন্সট্রাক্টর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আমজাদ হোসেন আকন্দ।

সদর উপজেলার ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও একজন করে সহকারী শিক্ষক এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। শিশুদের বিশেষ চাহিদা ও প্রতিবন্ধিতা চিহ্নিতকরণ এবং তাদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই এই প্রশিক্ষণের মূল লক্ষ্য।

প্রশিক্ষণার্থী শিক্ষকদের উদ্দেশ্যে প্রধান অতিথি ফাতেমা খাতুন বলেন, “শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সাথে ইতিবাচক শব্দ প্রয়োগ করবেন। প্রতিটি শিশু যাতে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে এবং নিজ নিজ যোগ্যতা অর্জন করতে পারে, সেটাই আমাদের প্রত্যাশা।”

প্রশিক্ষণ প্রদান করছেন সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নাছিমা বেগম এবং হারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলরুবা আক্তার। পাঁচ দিনের এই কোর্স শেষে অংশগ্রহণকারী শিক্ষকদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন