ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মেহেদী হাসান মারুফ, সাতক্ষীরা: সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগর। বর্তমানের জ্বালানি তেল সংকটের সময়ে এই অঞ্চলের চিত্রটা একটু ভিন্ন। মুন্সিগঞ্জ ডেলমা ফিলিং স্টেশনে যখন মুন্সিগঞ্জ, বুড়িগোয়ালিনী ও গাবুরা ইউনিয়নের শয়ে শয়ে মোটরসাইকেল চালক তেলের জন্য আগের রাত থেকে লাইনে দাঁড়ান, ঠিক তখনই আঁধারে এক চিলতে আলো হয়ে জ্বলে ওঠে মাহফুজা খাতুনের চায়ের দোকান। জীবনসংগ্রামের এক জীবন্ত প্রতিচ্ছবি এই মাহফুজা, যাকে সমাজ চেনে 'বাঘ বিধবা' হিসেবে।
মাহফুজার জীবনটা আর দশটা নারীর মতো হতে পারতো। কিন্তু ২০০২ সালে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে তার স্বামী সাত্তার নিহত হওয়ার পর মুহূর্তেই সব ওলটপালট হয়ে যায়। দুই সন্তানকে নিয়ে অথৈ সাগরে পড়েছিলেন তিনি। শুরু হয় লড়াই—নদীতে জাল টানা থেকে শুরু করে দিনমজুরি, কোনো কাজই বাকি রাখেননি তিনি। সেই সন্তানদের বড় করেছেন, কিন্তু লড়াই থামেনি।
সাম্প্রতিক তেল সংকটে যখন মানুষ গভীর রাত থেকে পাম্পের সামনে অপেক্ষায় থাকে, তখন তাদের খাবার ও পানির তীব্র সংকট দেখা দেয়। সেই সুযোগে ছেলে মাহফুজুর রহমানকে সাথে নিয়ে পাম্পের সামনেই ছোট একটি ছাউনি দিয়ে চা বিক্রি শুরু করেছেন মাহফুজা। রাতভর জেগে থেকে চালকদের জন্য সিদ্ধ ডিম, কলা, স্যালাইন আর চা-বিস্কুট সরবরাহ করেন তিনি। প্রচণ্ড এই তাপদাহে তৃষ্ণার্ত মানুষের কাছে মাহফুজার এই ছোট দোকানটিই এখন বড় ভরসা।
মাহফুজা বলেন, "স্বামী থাকতে কোনোদিন বাইরে কাজ করিনি। আজ এই বয়সে এসে তেলের লাইনের মানুষের একটু সেবা দিয়ে সংসার চালাচ্ছি। ভালোই কেনাবেচা হয়, প্রতিদিন ২ থেকে ৩ হাজার টাকার বিক্রি আছে। কিন্তু পুঁজি না থাকায় দোকানে সব মালামাল তুলতে পারছি না। মানুষের কাছে ধার নিয়ে কোনোমতে কাজ শুরু করেছি।" ছোট একটি টেবিল পাশের বাড়িতে রেখে আর মালামাল ব্যাগে করে বাড়ি বয়ে এভাবেই চলছে তার প্রতিদিনের সংগ্রাম।
বেসরকারি সংগঠন সিডিও-এর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান এবং বারসিক-এর প্রোগ্রাম অফিসার মফিজুর রহমান মনে করেন, মাহফুজার মতো নারীরা সমাজের অনুপ্রেরণা। প্রতিকূল পরিবেশে থেকেও তারা কারও কাছে হাত না পেতে কাজ করে খাচ্ছেন। এই দুঃসময়ে উপকূলের এমন সংগ্রামী নারীদের পাশে দাঁড়ানো সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর নৈতিক দায়িত্ব।
মুন্সিগঞ্জ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম পল্টু জানান, মাহফুজার এই জীবনসংগ্রাম অত্যন্ত সম্মানের। তাকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতে এবং সব ধরণের সহযোগিতা করতে ইউনিয়ন পরিষদ সচেষ্ট থাকবে।
বাঘের থাবায় স্বামী হারানোর দগদগে ক্ষত নিয়ে মাহফুজা আজ আর অসহায় নন, বরং তেলের লাইনে অপেক্ষারত শত শত মানুষের ক্লান্তি দূর করার এক নাম। উপকূলীয় সংগ্রামের এই মানচিত্রেই তিনি হয়ে উঠেছেন এক অপরাজেয় নারী।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ