ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করায় দেশে ভূমি দখল, চাঁদাবাজি এবং অবৈধ কর্মকাণ্ড অনেকাংশে হ্রাস পেয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তিনি জানান, অপরাধীদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় আনার ফলে এই ইতিবাচক পরিবর্তন এসেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৩তম দিনে রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমানের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উত্থাপিত হয়।
সংসদ সদস্য মো. মুজিবুর রহমান তার প্রশ্নে রাজশাহী-১ এলাকায় বিগত সরকারের ঘনিষ্ঠজনদের ভূমি দখল ও চাঁদাবাজির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন এবং এ বিষয়ে কার্যকর পদক্ষেপের বিষয়ে জানতে চান।
উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভূমি দখল ও চাঁদাবাজি সমাজ ও রাষ্ট্রের জন্য অত্যন্ত ক্ষতিকর। বিগত ফ্যাসিস্ট সরকারের ১৫ বছরের শাসনামলে তাদের অনুগত সন্ত্রাসী বাহিনী জল-বালু মহাল দখল ও টেন্ডারবাজিসহ নানা অপকর্মের মাধ্যমে জনজীবন অতিষ্ঠ করে তুলেছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরপরই এসবের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। মন্ত্রী স্পষ্ট করে বলেন, “অপরাধী যে দলেরই হোক না কেন তাকে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।”
রাজশাহী-১ এলাকার পরিস্থিতি উল্লেখ করে তিনি জানান, ওই অঞ্চলে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং নিয়মিত অভিযান চলমান রয়েছে। এর ফলে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ