ফেনীতে জলাবদ্ধতায় নাকাল শহরবাসী

আমিরুল ইসলাম
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:০৭ অপরাহ্ণ
ফেনীতে জলাবদ্ধতায় নাকাল শহরবাসী

জহিরুল হক মিলন, ফেনী প্রতিনিধি: ফেনীতে মাত্র এক ঘণ্টায় ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় চলতি বছরের সর্বোচ্চ ১২৯ মিলিমিটার বৃষ্টিপাতে শহরের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে চরম জলাবদ্ধতা। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

টানা বর্ষণে শহরের ডাক্তারপাড়া, শহীদ শহিদুল্লা কায়সার সড়ক, পুরাতন রেজিস্ট্রি অফিস, শাহীন একাডেমি এলাকা, নাজির রোড, মিজান রোড ও সদর হাসপাতাল মোড়সহ বিভিন্ন নিচু এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে গেছে। অনেক এলাকার বসতবাড়ি ও দোকানপাটে পানি ঢুকে পড়ায় সাধারণ মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে এবং ব্যবসায়ী মালামালের ব্যাপক ক্ষতি হয়েছে।

জলাবদ্ধতা নিরসনে ফেনী পৌরসভার ১২টি টিম মাঠে কাজ করছে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিন। তিনি বলেন, “টানা বৃষ্টিতে ড্রেন ও খাল দিয়ে পানি ধীরগতিতে নামছে। তবে আশা করা যাচ্ছে আগামী এক ঘণ্টার মধ্যে প্রধান সড়ক ও পাড়া-মহল্লার পানি নেমে যাবে।”

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, স্বাভাবিক লঘুচাপের প্রভাবে এই বৃষ্টিপাত আগামী তিন দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সেই সাথে বজ্রবৃষ্টি ও কালবৈশাখী ঝড়েরও প্রবল আশঙ্কা রয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন