মরিশাসে বিস্ফোরণে পাঁচবিবির ছাবিনার মৃত্যু

মরিশাসে বিস্ফোরণে পাঁচবিবির ছাবিনার মৃত্যু

মোস্তাকিন হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: সুদূর মরিশাসে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মোছা. শর্মি আক্তার ছাবিনা (৩০) নামে এক বাংলাদেশি নারী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দক্ষিণ পাকুরিয়া গ্রামে নিহতের বাড়িতে গিয়ে দেখা যায় শোকের মাতম। আদরের মেয়ের দেহ দেশে ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন বৃদ্ধা মা ও স্বজনরা।

নিহত ছাবিনা পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের দক্ষিণ পাকুরিয়া গ্রামের মৃত ছামছুলের মেয়ে। মরিশাসের একটি টুনা ফিস কোম্পানিতে কর্মরত ছিলেন তিনি। কোম্পানি সূত্রে জানা গেছে, মরিশাস সময় গত শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৮টার দিকে নিজ বাসায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনি গুরুতর দগ্ধ হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরে তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, চার ভাই-বোনের মধ্যে ছাবিনা ছিলেন দ্বিতীয়। ২০১৫ সালে বিয়ে হলেও স্বামীর নির্যাতনের শিকার হয়ে বিচ্ছেদ ঘটে। এরপর একমাত্র পুত্রসন্তানকে রেখেই দারিদ্র্য ঘুচাতে ঢাকায় গার্মেন্টসে কাজ শুরু করেন এবং পরবর্তীতে মরিশাস পাড়ি জমান। দীর্ঘ ৮ বছর প্রবাস জীবনে হাড়ভাঙা খাটুনি দিয়ে পরিবারের জন্য ৫-৬ কক্ষের একটি পাকা বাড়ি নির্মাণ করেছিলেন তিনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, নিজের তৈরি সেই নতুন বাড়িতে একদিনও থাকা হলো না তার।

নিহতের বড় ভাই বিপ্লব ইসলাম বলেন, "বোনটা আমাদের অভাব দূর করতে বিদেশে গিয়েছিল। গত শুক্রবার কোম্পানি থেকে খবর পাই সে আর নেই। আমাদের এখন একটাই চাওয়া, তার নিথর দেহ যেন দ্রুত দেশে ফিরিয়ে আনা হয়।" মেয়ের শোকে বৃদ্ধা মা বর্তমানে অসুস্থ হয়ে পড়েছেন।

আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.স.ম. সামছুল আরেফিন চৌধুরী আবু বলেন, "প্রবাসী ছাবিনার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার দেহ দ্রুত দেশে আনতে প্রয়োজনীয় সব ধরনের দাপ্তরিক সহযোগিতা করা হচ্ছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও পরিবারটির পাশে আমরা থাকব।"

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন