প্রতারণায় অভিযুক্তকে ফুলেল শুভেচ্ছা: খোকসার ওসিকে নিয়ে বিতর্ক

প্রকাশ: রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ণ
প্রতারণায় অভিযুক্তকে ফুলেল শুভেচ্ছা: খোকসার ওসিকে নিয়ে বিতর্ক

কাঞ্চন কুমার, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা পৌরসভার মেয়র পদপ্রার্থী সাবেক ছাত্রদল নেতা রবিন রায়হান জসিমের ছোট ভাই সিঙ্গাপুর প্রবাসী ও প্রতারণায় অভিযুক্ত আদম ব্যবসায়ী নাসির উদ্দিন শেখকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিতর্কের মুখে পড়েছেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন ও পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টারে করে খোকসা-জানিপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে নামলে ওই প্রবাসীকে ফুল দিয়ে বরণ করে নেন পুলিশের এই দুই কর্মকর্তা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিঙ্গাপুর প্রবাসী নাসির উদ্দিনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় প্রতারণা ও চেক জালিয়াতিসহ একাধিক মামলা ও জিডি রয়েছে। তাঁর বিরুদ্ধে আদম ব্যবসার নামে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। হেলিকপ্টার অবতরণের পর উপস্থিত পুলিশের ফুল দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।

তবে ফুল দেওয়ার অভিযোগ অস্বীকার করে খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, নিরাপত্তা দিতেই তাঁরা সেখানে গিয়েছিলেন, ফুল তাঁরা দেননি। অন্যদিকে মেয়র পদপ্রার্থী রবিন রায়হান জসিম দাবি করেন, ওসি কাউকে ফুল দেননি, ফুল মাটিতে পড়ে যাওয়া সামাল দিতে হাত দিয়ে ধরেছিলেন মাত্র।

এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জানান, পুরো বিষয়টি তদন্ত করে জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন