দেয়াল ধসে বাবার সামনে প্রাণ গেল আয়েশার

প্রকাশ: রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ণ
দেয়াল ধসে বাবার সামনে প্রাণ গেল আয়েশার

মোঃ জাকির হোসাইন রাজু, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় টানা বৃষ্টির মধ্যে মাটির ঘরের দেয়াল ধসে আয়েশা নামে সাড়ে চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার ধীতপুর ইউনিয়নের ধীতপুর বাজার সংলগ্ন মীরবাড়িতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আয়েশা উপজেলার বিরুনিয়া গ্রামের সিদ্দিক মিয়ার বড় মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, অসুস্থ স্ত্রীর চিকিৎসার সুবাদে সিদ্দিক মিয়া মাসখানেক ধরে মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। রোববার সকালে ভারী বৃষ্টির সময় বাবা-মেয়ে ওই জরাজীর্ণ মাটির ঘরের ভেতর শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় আকস্মিকভাবে ঘরের একটি পুরনো দেয়াল ধসে তাঁদের ওপর পড়ে।

ঘটনায় বাবা সিদ্দিক মিয়া ভাগ্যক্রমে রক্ষা পেলেও ভারী মাটির নিচে চাপা পড়ে শিশু আয়েশা। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে মাটি সরিয়ে শিশুটিকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন