৪৭ পাহাড়ি-বাঙালিকে সেনাবাহিনীর বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ
রুপম চাকমা, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত ৪৭ জন পাহাড়ি ও বাঙালি তরুণ-তরুণীকে ধাত্রীবিদ্যা, নার্সিং ও কম্পিউটার প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে দীঘিনালা জোন কমান্ডার লে. কর্নেল মো. আল-আমিন এসইউপি, পিএসসির নির্দেশনায় বাবুছড়া, বরাদম ও জারুলছড়িতে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুর্গম ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রাথমিক স্বাস্থ্যসেবার মান বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়। স্থানীয়রা জানান, দুর্গম এলাকায় চিকিৎসা ও তথ্যপ্রযুক্তির সুযোগ সীমিত হওয়ায় এই উদ্যোগ মানুষের জীবনমান উন্নয়ন এবং পাহাড়ি-বাঙালির মধ্যে পারস্পরিক সম্প্রীতি বাড়াতে বড় ভূমিকা রাখবে। ভবিষ্যতে শিক্ষা, স্বাস্থ্য ও সক্ষমতা বৃদ্ধিতে এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় দীঘিনালা জোন।
এআইএল/সকালবেলা