ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে খানাখন্দ, যানজটে চরম ভোগান্তি

প্রকাশ: রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ণ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে খানাখন্দ, যানজটে চরম ভোগান্তি

মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিনিধি গাজীপুর: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুর অংশে সড়কের কাদা-পানি, বেহাল দশা ও দীর্ঘ যানজটে চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও পথচারীরা। বিশেষ করে মহাসড়কের এমসি বাজার ও জৈনা বাজার এলাকায় যানজট ও জলাবদ্ধতা এখন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে বৃষ্টির পর এমসি বাজার এলাকায় দেখা যায়, মহাসড়কের বিভিন্ন স্থানে পানি জমে পিচ উঠে বড় বড় খানাখন্দ তৈরি হয়েছে। পানির নিচে গর্ত দেখতে না পেয়ে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এছাড়া সড়কের ওপর অবৈধ দোকানপাট বসানো ও যত্রতত্র গাড়ি পার্কিং করে যাত্রী ওঠানামার কারণে বাস, ট্রাক ও অটোরিকশার জটে স্থবির হয়ে পড়ছে পুরো এলাকা।

ভোগান্তির কথা স্বীকার করে মাওনা হাইওয়ে থানার ওসি কামরুজ্জামান জানান, মাওনা চৌরাস্তা যানজটমুক্ত করা সম্ভব হলেও স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের অসচেতনতার কারণে এমসি ও জৈনা বাজারের জট নিরসন করা যাচ্ছে না। বারবার নিষেধ করা সত্ত্বেও মহাসড়ক দখল করে দোকানপাট বসানো হচ্ছে। সমন্বিত সামাজিক উদ্যোগ ও সচেতনতা ছাড়া কেবল পুলিশের পক্ষে এ সংকট সমাধান করা কঠিন।

অপ্রশস্ত ড্রানেজ ব্যবস্থা, অপরিকল্পিত দোকানপাট উচ্ছেদ ও দ্রুত মহাসড়ক সংস্কারে সড়ক ও জনপথ বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন পরিবহন চালক ও স্থানীয় বাসিন্দারা।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন