কটিয়াদীতে ভারী বৃষ্টিতে বিদ্যুৎস্পৃষ্টে তরুণীর মৃত্যু

প্রকাশ: রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ণ
কটিয়াদীতে ভারী বৃষ্টিতে বিদ্যুৎস্পৃষ্টে তরুণীর মৃত্যু

মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে ভারী বৃষ্টির মধ্যে নিজ বাড়ির নির্মাণাধীন বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিউলী আক্তার (১৬) নামে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের উত্তর অষ্টঘরিয়া (নয়াপাড়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিউলী আক্তার ওই এলাকার মো. সাইদুর রহমানের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, শিউলীদের বসতঘরটি মেরামতের কাজ চলছিল এবং সেখান থেকে বিদ্যুতের লাইন পাশে তাঁর দাদির ঘরে নেওয়া হয়েছিল। সকালে বৃষ্টির সময় ঘরের মেরামত করা অংশের সংযোগ তার লিকেজ হয়ে পানির মাধ্যমে ঘর বিদ্যুতায়িত হয়। এতে অসাবধানতাবশত তার স্পর্শ করলে শিউলী মারাত্মক আহত হন। স্বজনেরা তাঁকে দ্রুত উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুর সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কটিয়াদী থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পুলিশ জানায়, ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন