কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন তানভীর
অনলাইন ডেস্ক: কানাডার ফেডারেল পার্লামেন্টে হাউস অব কমন্সের নতুন সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তানভীর শাহনওয়াজ। টরন্টোর বিচেস-ইস্ট ইয়র্ক আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন লিবারেল পার্টির প্রার্থী হিসেবে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন। তানভীরের বিজয়ের মধ্য দিয়ে কানাডার পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত এমপির সংখ্যা দাঁড়িয়েছে দুজনে।
সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত উপনির্বাচনের প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ২০০টি ভোটকেন্দ্রের মধ্যে ১৯৭টির গণনায় তানভীর শাহনওয়াজ পান ১৭ হাজার ২৫১ ভোট (৫৫.৩ শতাংশ)। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী এনডিপির প্রার্থী শ্যানন ডিভাইন পান ৮ হাজার ১৫৯ ভোট (২৬.২ শতাংশ) এবং কনজারভেটিভ পার্টির জিম সার্বোস পান ৪ হাজার ৮৫৭ ভোট (১৫.৬ শতাংশ)। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৯ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে তিনি জয়ী হন।
বিচেস-ইস্ট ইয়র্ক আসনটির সাবেক এমপি নাথানিয়েল আর্সকিন-স্মিথ পদত্যাগ করায় এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়। টরন্টোর ক্রিসেন্ট টাউনে বেড়ে ওঠা তানভীর দীর্ঘ দিন ধরে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। পূর্বে সাবেক এমপির কার্যালয়ে কাজের অভিজ্ঞতার কারণে এলাকার ভোটারদের সঙ্গে তাঁর সরাসরি সুসম্পর্ক বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
চলতি বছরের এপ্রিলে স্কারবোরো সাউথওয়েস্ট আসন থেকে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে এমপি নির্বাচিত হন ডলি বেগম। এবার তানভীরের জয়ে বহুজাতিক দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের অবস্থান আরও সুদৃঢ় হলো। এই জয়ের ফলে ৩৪৩ আসনের হাউস অব কমন্সে লিবারেল পার্টির আসন সংখ্যা দাঁড়াল ১৭৩টিতে, যা প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন সরকারের সংসদীয় অবস্থানকে একক সংখ্যাগরিষ্ঠতায় শক্তিশালী করল।
বিজয়ের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে তানভীর শাহনওয়াজ বিচেস-ইস্ট ইয়র্কের বাসিন্দাদের ধন্যবাদ জানান এবং সবার প্রতিনিধি হিসেবে নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার প্রকাশ করেন। কানাডার প্রধানমন্ত্রী ও লিবারেল পার্টি প্রধান মার্ক কার্নি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। এদিকে তানভীরের জয়ে টরন্টোসহ কানাডায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে উৎসবের আবহ সৃষ্টি হয়েছে।
এআইএল/সকালবেলা