সৌদিতে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর যুবকের মৃত্যু
মিজানুর রহমান (কটিয়াদী, কিশোরগঞ্জ): পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে চার বছর আগে সৌদি আরবে পাড়ি জমানো কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার যুবক মো. কামরুল ইসলাম (২৬) সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। প্রবাসে কঠোর পরিশ্রম করে পরিবারের মুখে হাসি ফোটানোর ইচ্ছা থাকলেও এক নিমিষেই শেষ হয়ে গেল তাঁর সেই স্বপ্ন।
সোমবার (১২ অক্টোবর) সকালে সৌদি আরবের রাজধানী রিয়াদের বানবান এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত কামরুল ইসলাম কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বেতাল গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, কামরুল রিয়াদের বানবান এলাকায় ‘আল মদিনা’ নামের একটি কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। সোমবার সকালে নাইট ডিউটি শেষে তাঁর থাকার কক্ষে ফেরার পথে পানিবাহী একটি ট্যাংকার ও একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লরিতে থাকা কামরুল ঘটনাস্থলেই প্রাণ হারান।
সৌদি আরবে অবস্থানরত একই এলাকার প্রবাসী বিল্লাল মিয়া মুঠোফোনে কামরুলের মৃত্যুর সংবাদ দেশে তাঁর পরিবারকে জানান। একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা জয়নাল আবেদীনসহ স্বজনেরা। পরিবারে অর্থনৈতিক স্বচ্ছলতা আনার আশায় প্রবাসে যাওয়া কামরুলের এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এআইএল/সকালবেলা