দেশে ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, নতুন করে ভর্তি ১৯৫৪ রোগী
অনলাইন ডেস্ক: সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে এক হাজার ৯৫৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডেঙ্গু পরিস্থিতির এই সর্বশেষ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ভর্তি হওয়া রোগীদের বিভাগভিত্তিক বিন্যাস নিচে দেওয়া হলো:ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৪৬৫ জন, চট্টগ্রাম বিভাগ: ৩১৮ জন, খুলনা বিভাগ: ২৩০ জন, বরিশাল বিভাগ: ১৯৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ১৯১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন: ১৮৯ জন, রাজশাহী বিভাগ: ১৮৪ জন, , ময়মনসিংহ বিভাগ: ৯৭ জন, রংপুর বিভাগ: ৭১ জন, সিলেট বিভাগ: ১৩ জন ।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৩ অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ তিন হাজার ৩৯৬ জনে। এদের মধ্যে মোট ৯৭ হাজার ২৯৬ জন রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ৯৬৫ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন ৯ জনের মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছরে সারাদেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৬ জনে। বিশেষজ্ঞ চিকিৎসকেরা এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং জ্বর হলে দ্রুত ডেঙ্গু পরীক্ষা করিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।