বীরগঞ্জে মডেল প্রেস ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ণ
বীরগঞ্জে মডেল প্রেস ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

সাইফুল্লাহ সাইফ (বীরগঞ্জ, দিনাজপুর): ‘বৃক্ষরোপণ করি, পরিবেশের ভারসাম্য রক্ষা করি’—এই প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেছে বীরগঞ্জ মডেল প্রেস ক্লাব।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় বীরগঞ্জ উপজেলার দামাইক্ষেত্র বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।

পৌর বিএনপির সভাপতি মো. আমিরুল বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন। তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা ও পরিবেশের সামাজিক ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রেস ক্লাবের এই সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, জ্যোৎস্না ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী রতন কুমার সাহা রেন্টু এবং দামাইক্ষেত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম।

এ সময় বীরগঞ্জ মডেল প্রেস ক্লাবের সভাপতি উত্তম শর্মা, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ সাইফসহ প্রেস ক্লাবের অন্যান্য সাংবাদিক ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয় এবং শিক্ষার্থীদের হাতে পরিবেশবান্ধব চারা তুলে দেওয়া হয়।

এআইএল/সকালবেলা