১৩ বছর পর করণের মুখে সেই পুরনো প্রশ্ন: ‘এখনো কি ভার্জিন?’
বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় তারকা সালমান খানকে ঘিরে দর্শকদের কৌতূহলের শেষ নেই। বিশেষ করে তাঁর ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে আলোচনা ভক্তদের মধ্যে সবসময়ই তুঙ্গে থাকে। এবার জনপ্রিয় সেলিব্রিটি টক শো ‘কফি উইথ করণ’-এর নবম ও সমাপনী মৌসুমের নতুন প্রোমো প্রকাশ্যে আসার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ঠিক তেমনি একটি পুরোনো মুহূর্ত। শোয়ের সঞ্চালক করণ জোহর দীর্ঘ ১৩ বছর পর সালমানকে আবার সেই বিখ্যাত প্রশ্নটিই করে বসেছেন—‘তুমি কি এখনো ভার্জিন?’
১৩ বছর আগে, অর্থাৎ ২০১৩ সালে ‘কফি উইথ করণ’-এর চতুর্থ মৌসুমের উদ্বোধনী পর্বে অতিথি হয়ে এসেছিলেন সালমান খান। সে সময় করণ তাঁর ভবিষ্যৎ স্ত্রী ও সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলার একপর্যায়ে জানতে চেয়েছিলেন তিনি ভার্জিন কি না। উত্তরে সালমান অকপটে ‘হ্যাঁ’ বলে দেশজুড়ে শোরগোল ফেলে দিয়েছিলেন। দীর্ঘ এক যুগ পর সমাপনী মৌসুমে এসে করণ আবারও সেই প্রসঙ্গটি টেনে আনলে সেটেই এক চটুল ও মজার পরিবেশ তৈরি হয়।
নতুন প্রোমোতে করণের মুখে এই প্রশ্ন শুনে সালমান খান কিছুটা অবাক হওয়ার ভান করে মজার ছলে বলে ওঠেন, “কন্ট্রোল, ইয়ার, ব্রাদার। কন্ট্রোল!” এরপর করণকে উদ্দেশ করে রসিকতা করে তিনি বলেন, “এমন তো নয় যে শোয়ের একদম শেষ মৌসুম বলেই তুমি জোর করে সবাইকে এখানে আসতে রাজি করিয়েছ?”
শুধু তাই নয়, শোয়ের বিখ্যাত ‘কফি হ্যাম্পার’ নিয়ে কথা উঠলে করণ জানান যে এই উপহার পেতে সালমানকে লড়াই করতে হবে। জবাবে সালমান তাৎক্ষণিক রসিকতা করে বলেন, “হ্যাম্পারের জন্য কেন লড়ব, করণ? প্যাম্পারের জন্য লড়ব!” এছাড়া কিংবদন্তি অভিনেতা শাহরুখ খান ও কাজল অভিনীত ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার বিখ্যাত সংলাপের আদলে বিদায় নেওয়ার প্রসঙ্গ উঠলে করণকে থামিয়ে দিয়ে সালমান মজা করে বলেন, “করণ, তুসি না যাও।”
সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলিং ও পাপারাজ্জি সংস্কৃতিসহ জীবনের নানা দিক নিয়ে খোলামেলা কথা বলতে দেখা যাবে সালমানকে। আগামী ১৪ অক্টোবর থেকে ডিজনি প্লাস হটস্টারে আনুষ্ঠানিকভাবে স্ট্রিমিং শুরু হতে যাওয়া ‘কফি উইথ করণ’-এর এই ফাইনাল মৌসুমের প্রথম অতিথি হিসেবে সালমানের উপস্থিতি দর্শকদের বাড়তি বিনোদন জোগাবে বলে আশা করা হচ্ছে।