কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ
আরিফ হাজরা (কোটালীপাড়া, গোপালগঞ্জ): গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়নের লোহারংক সরকারি খাল দখল করে কাঁচা-পাকা ঘরবাড়ি নির্মাণ করেছেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। প্রশাসন সরেজমিনে গিয়ে খালের জায়গা চিহ্নিত করলেও দখলদারদের উচ্ছেদে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
সরেজমিনে জানা যায়, লোহারংক গ্রামের মনির বিশ্বাস, সেলিম বিশ্বাস, বাবুল মোল্লা, ইমারত মোল্লা, আমজাদ মোল্লা, মোহাম্মদ আলী দাড়িয়া, সেকেন্দার দাড়িয়া, আউয়াল দাড়িয়া, মানির দাড়িয়া, কাসেম দাড়িয়া, ইব্রাহিম দাড়িয়া, কিবরিয়া বিশ্বাস ও রতন দাসসহ বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি প্রায় ১ কিলোমিটার দীর্ঘ সরকারি খাল ভরাট করে দখলে নিয়েছেন। ওই জমিতে ঘরবাড়ি তুলে তাঁরা দীর্ঘদিন ধরে বসবাস করছেন।
খালটি দখল মুক্ত করার লক্ষ্যে লোহারংক গ্রামের ফরিদ দাড়িয়াসহ শতাধিক বাসিন্দা একত্র হয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত আবেদন জানান। আবেদনের ভিত্তিতে সম্প্রতি প্রশাসন সরেজমিনে পরিমাপ চালিয়ে খালের জায়গা শনাক্ত করে লাল নিশান পুঁতে দেয়। কিন্তু এতদিন অতিক্রম হলেও উচ্ছেদ অভিযান শুরু না হওয়ায় জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে।
আবেদনকারী ফরিদ দাড়িয়া অভিযোগ করেন, প্রায় ৩০ বছর ধরে খালটি দখলে থাকায় সামান্য বৃষ্টিতেই পুরো গ্রামে সৃষ্টি হয় কৃত্রিম জলাবদ্ধতা। গ্রামের মানুষের ভোগান্তি নিরসনে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি জানান তিনি।
অভিযুক্ত দখলদার মনির বিশ্বাস খালের জায়গায় বাড়ি নির্মাণের কথা স্বীকার করে জানান, প্রশাসন নির্দেশ দিলে তিনি জায়গা ছেড়ে দেবেন। অন্যদিকে মোহাম্মদ আলী দাড়িয়া দাবি করেন, তাঁর ব্যক্তিমালিকানাধীন জমির ওপর দিয়ে রাস্তা তৈরি করার বিনিময়ে তাঁকে খালের জায়গা দেওয়া হয়েছিল।
এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফীন জানান, সীমানা মেপে জমি নিখুঁতভাবে নির্ধারণের কাজ এখনো চলছে। সীমানা নির্ধারণ শেষ হলেই অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনিক উচ্ছেদ অভিযান চালানো হবে।
এআইএল/সকালবেলা