ওমরাহ শেষে কেয়া পায়েল বললেন, ‘জীবনের শ্রেষ্ঠ দিন’
সকালবেলা অনলাইন: সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে গিয়ে ওমরাহ পালন করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ওমরাহ পালনের পর পবিত্র কাবা শরিফের সামনে ধারণ করা একটি ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।
ভিডিওর ক্যাপশনে আবেগপ্লুত কেয়া পায়েল লিখেছেন, "আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন এটি।" ভিডিওতে তাঁকে কালো বোরকায় পবিত্র কাবাঘরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যেখানে তাঁর অনুভূতি ও ওমরাহ পালনের বিশেষ মুহূর্ত সুন্দরভাবে ফুটে উঠেছে।
ভিডিওটি প্রকাশের পাশাপাশি ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে কোনো ধরনের নেতিবাচক মন্তব্য না করার অনুরোধ জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি লেখেন, "কেউ বাজে মন্তব্য করে নিজের নিচু মানসিকতার পরিচয় দেবেন না। মনে রাখবেন, আপনার মন্তব্য আপনার রুচি, ব্যক্তিত্ব ও মানসিকতারই পরিচয় বহন করে।" অন্যকে ছোট করার চেষ্টা করার আগে নিজের মানসিকতার দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়ে ভক্তদের একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকার পরামর্শ দেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় কেয়া পায়েলের ওমরাহ পালনের খবর ও কাবার সামনের ভিডিওটি অনুসারীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই মন্তব্যের ঘরে তাঁর শুভকামনা জানিয়েছেন এবং তাঁর প্রতি অভিনন্দন ও ভালোবাসা প্রকাশ করেছেন।
এআইএল/সকালবেলা