মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা মামলায় খোকা ও রিয়াজ গ্রেপ্তার

প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা মামলায় খোকা ও রিয়াজ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক (মিঠামইন, কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা মামলায় অভিযুক্ত বহিষ্কৃত উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খোকা ও তাঁর ভাতিজা রিয়াজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, আলোচিত এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা ও পরিকল্পনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এর আগে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও বেশ কয়েকজনকে আইনের আওতায় আনা হয়েছিল। মূল অভিযুক্ত খোকা ও তাঁর ভাতিজা গ্রেপ্তার হওয়ায় মামলার তদন্তে বড় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, গত জুলাই মাসে উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ মেলায় ছাত্রদল নেতা খোকাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ প্রশাসন নিশ্চিত করেছে।

এআইএল/সকালবেলা