কালকিনিতে ইয়াবাসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ণ
কালকিনিতে ইয়াবাসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার

বি.এম. হানিফ (কালকিনি-ডাসার, মাদারীপুর): মাদারীপুরের কালকিনি পৌর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০৪ পিস ইয়াবাসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (১০ অক্টোবর) গভীর রাতে পৌরসভার মজিদবাড়ি এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) হানিফ সরকার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) লেলিন আল মুনতাজের নেতৃত্বে পুলিশের একটি দল এলাকায় টহলে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ১০ অক্টোবর রাত আনুমানিক ২টা ৫ মিনিটে মজিদবাড়ি এলাকার ইমাম হোসেনের মালিকানাধীন একটি গুদামঘরে অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি চালিয়ে আসামিদের কাছ থেকে ১০৪ পিস ইয়াবা উদ্ধার এবং তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা সবাই কালকিনি থানার মজিদবাড়ি এলাকার বাসিন্দা। তাঁরা হলেন—মো. ইমাম সরদার (৪৫), মো. আকাশ বেপারী (২৮), মো. আরাফাত হোসেন মুন (২৪), মো. জোবায়ের সরদার (২২), মো. সাকিবুল হাসান (২২) ও মেহেদী হাসান (৩৫)।

এ ঘটনায় কালকিনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। কালকিনি থানা পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে শনিবার সকালে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা