খুলনার বাস্তহারায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
সরদার সাইদী হাসান বাবু (খুলনা ব্যুরো প্রধান): খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন বাস্তহারা এলাকায় দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় স্থানীয় বিএনপি নেতা গোলাম মোস্তফা ভুট্টসহ অন্তত পাঁচজন মারাত্মক আহত হয়েছেন।
শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের শরীরে ধারালো অস্ত্রের কোপ ও লাঠির আঘাত রয়েছে। তাঁদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আহত ব্যক্তিদের মধ্যে খুলনা মহানগর বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভুট্টু (৬০), বাস্তহারা ৯ নম্বর রোডের বাচ্চু (৩৮), ১১ নম্বর রোডের শুকুর আলী (৩৮) ও ৬ নম্বর রোডের সুমন শেখ (৪২) রয়েছেন। আহত অন্য একজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বাস্তহারা এলাকায় একটি স্থানীয় বিষয় নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। হামলাকারীরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালালে এই পাঁচজন গুরুতর জখম হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
খালিশপুর থানা পুলিশ জানায়, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।
এআইএল/সকালবেলা