ক্যান্সারে নিভে যাচ্ছে শরিফের জীবন, সাহায্যের আকুতি মায়ের

প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ণ
ক্যান্সারে নিভে যাচ্ছে শরিফের জীবন, সাহায্যের আকুতি মায়ের

মেহেদী মাছুম (রায়পুর, লক্ষ্মীপুর): প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত একমাত্র ছেলে শরিফের (২৪) জীবন প্রদীপ যেন ধীরে ধীরে নিভে যাচ্ছে। অর্থাভাবে চিকিৎসা করাতে না পেরে ছেলের যন্ত্রণাদগ্ধ মুখের দিকে তাকিয়ে বাকরুদ্ধ মা নাজমা বেগম। সুচিকিৎসা পেলে ছেলেটি আবার সুস্থ জীবনে ফিরবে—এমন আশাতেই অশ্রুসজল চোখে বিত্তবান ও হৃদয়বান মানুষের দ্বারে আকুতি জানাচ্ছেন এই অসহায় মা।

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কমর উদ্দিন হাজী বাড়ির বাসিন্দা সাইফুল ইসলামের একমাত্র ছেলে মো. শরিফ। গলার ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে তিনি কথা বলার ক্ষমতা হারিয়েছেন। তীব্র শারীরিক যন্ত্রণার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন শরিফ, থেমে গেছে তাঁর জীবনের স্বাভাবিক ছন্দ।

স্থানীয় সূত্র ও প্রতিবেশী সূত্রে জানা যায়, অনেক ধারদেনা করে উপার্জনের আশায় বিদেশে পাড়ি জমিয়েছিলেন শরিফ। কিন্তু সেখানে অসুস্থ হয়ে পড়ায় বাধ্য হয়ে খালি হাতে দেশে ফিরে আসেন। তাঁর বাবাও সড়ক দুর্ঘটনার পর থেকে সিএনজিচালিত অটোরিকশা চালাতে পারেন না। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ও ভরসার পাত্র শরিফ এখন চিকিৎসাহীন অবস্থায় শয্যাশায়ী।

স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল বাশার জানান, পরিবারটি মারাত্মক আর্থিক সংকটে রয়েছে। শরিফের চিকিৎসায় প্রচুর অর্থের প্রয়োজন, যা এই পরিবারের পক্ষে বহন করা অসম্ভব। যুবদল নেতা মাহবুব হোসেন ফাহিম বলেন, সমাজের বিত্তবান ও প্রবাসীরা জরুরি ভিত্তিতে এগিয়ে না এলে অর্থাভাবে একটি তরুণের প্রাণ অকালে ঝরে যেতে পারে।

সন্তানের সুচিকিৎসা নিশ্চিত করতে এবং তাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে সমাজের সব স্তরের সচ্ছল ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রবাসীদের কাছে আর্থিক সহায়তার আকুল আবেদন জানিয়েছে শরিফের পরিবার।

এআইএল/সকালবেলা