কুলাউড়ায় পানপুঞ্জি পরিদর্শনে পুলিশ, বিচারের আশ্বাস

প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ণ
কুলাউড়ায় পানপুঞ্জি পরিদর্শনে পুলিশ, বিচারের আশ্বাস

তিমির বনিক (মৌলভীবাজার প্রতিনিধি): মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের নার্সারি পানপুঞ্জিতে দুর্বৃত্তদের কেটে ফেলা পানজুম সরেজমিনে পরিদর্শন করেছেন কুলাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। এ সময় ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছায়। পরিদর্শকালে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্নাসহ পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত খাসিয়া ও গারো পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ শোনেন। মতবিনিময়কালে কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলি তালাং, ইউপি সদস্য সিলভেস্টার পাঠাং, নার্সারি পুঞ্জির মান্ত্রী (প্রধান) জনি পতামসহ স্থানীয় আদিবাসীরা উপস্থিত ছিলেন।

ক্ষতিগ্রস্তরা জানান, গত ৩০ সেপ্টেম্বর দিবাগত রাতে একদল দুর্বৃত্ত রাতের আঁধারে পুঞ্জিতে প্রবেশ করে ১০টি পরিবারের প্রায় ৯ হাজার পানগাছ কেটে সাবাড় করে দেয়। এতে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এর এক সপ্তাহ আগেও সাহেব টিলা পুঞ্জিতে একইভাবে হামলা চালোনো হয়েছিল বলে জানান আদিবাসী নেতারা।

কুলাউড়া সার্কেলের সহকারী পুলিশ সহকারী মোস্তাফিজুর রহমান বলেন, "পানগাছ কেটে ফেলার ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে তদন্ত জোরদার করা হয়েছে। অপরাধী যেই হোক, তাকে শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে পুলিশ কঠোর পদক্ষেপ নেবে।"

এআইএল/সকালবেলা