মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশের ইহতিশামুল
সকালবেলা অনলাইন: মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কিরাআত ও হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিশ্বমঞ্চে অনন্য সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ ইহতিশামুল হক হিরা। ৩৮টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে হিফজুল কোরআন বিভাগে প্রথম স্থান লাভ করে দেশের জন্য বিরল গৌরব বয়ে এনেছেন তিনি।
শনিবার (১০ অক্টোবর) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনভেনশন হলে আয়োজিত জমকালো সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। মালয়েশিয়ার ধর্মবিষয়ক মন্ত্রী ড. জুলকিফলি হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাফেজ হিরার হাতে ট্রফি, নগদ ৪০ হাজার মালয়েশীয় রিঙ্গিত, ওমরাহ প্যাকেজ ও স্বর্ণের বার তুলে দেন।
হাফেজ ইহতিশামুল হক হিরা ঢাকার মিরপুর-১-এ অবস্থিত 'মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী' মাদরাসার শিক্ষার্থী। তাঁর এই আন্তর্জাতিক অর্জনে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন শিক্ষক, পরিবার ও দেশবাসী।
উল্লেখ্য, গত ৬ অক্টোবর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। প্রতিযোগিতার পুরুষ হিফজ বিভাগে বাংলাদেশের পর দ্বিতীয় স্থান অর্জন করেছে সিরিয়া এবং তৃতীয় হয়েছে স্বাগতিক মালয়েশিয়া।
হাফেজ হিরার প্রতিষ্ঠান ‘মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী’র শিক্ষার্থীরা এর আগেও বিশ্বমঞ্চে ধারাবাহিক সাফল্য কুড়িয়েছেন। হাফেজ সালেহ আহমদ তাকরিম, মুয়াজ মাহমুদ, আনাস মাহফুজ ও সা'দ নুরদের ধারাবাহিকতায় হাফেজ হিরার এই বিশ্বজয় লাল-সবুজের পতাকাকে আবারও উঁচুতে তুলে ধরল।
এআইএল/সকালবেলা