গাজীপুরে বিকাশ এজেন্টকে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই

প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ণ
গাজীপুরে বিকাশ এজেন্টকে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই

রেজাউল করিম মজুমদার (গাজীপুর): গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের টাকা বহনকারী প্রাইভেটকারে তাণ্ডব চালিয়ে ও গুলি বর্ষণ করে আনুমানিক ৩ কোটি টাকা ছিনতাই করেছে সশস্ত্র দুর্বৃত্তরা।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের গোসিংগা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, বিকাশ ডিস্ট্রিবিউশন হাউস 'ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ শ্রীপুর লিমিটেড'-এর কর্মীরা প্রাইভেটকারে করে টাকা পরিবহন করছিলেন। প্রাইভেটকারে ৩টি প্লাস্টিকের বস্তায় প্রায় ৪ কোটি টাকা ছিল। পথে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা সশস্ত্র ছিনতাইকারী দল গাড়িটির গতিরোধ করে। তারা চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র দিয়ে গাড়ির কাঁচ ভাঙচুর করে এবং যাত্রীদের লক্ষ্য করে পিস্তলের গুলি চালায়। পরবর্তীতে ছিনতাইকারীরা দুটি বস্তায় থাকা আনুমানিক আড়াই থেকে ৩ কোটি টাকা লুট করে পালিয়ে যায়।

হামলায় বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের অ্যাকাউন্টস অফিসার মো. হিমেল হোসেন (২৯) গুলিবিদ্ধ হন। এছাড়া ধারালো অস্ত্রের আঘাতে গাড়ির চালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদসহ কয়েকজন আহত হন। গুলিবিদ্ধ হিমেলকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, বিপুল অঙ্কের অর্থ পরিবহনের বিষয়টি পুলিশ কিংবা প্রশাসনকে আগে থেকে অবহিত করা হয়নি। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তারসহ লুণ্ঠিত টাকা উদ্ধারে অভিযান জোরদার করা হয়েছে।

এআইএল/সকালবেলা