সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ ৬ শিকারি গ্রেপ্তার
মোঃ কারিমুল ইসলাম (মোংলা প্রতিনিধি): বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে বন্যপ্রাণী ও মাছ শিকারের অপরাধে ৬ বন অপরাধীকে গ্রেপ্তার করেছে বন বিভাগ।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া টহল ফাঁড়ি এলাকার হলদী খাল থেকে তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা হয় বিপুল পরিমাণ হরিণ শিকারের ফাঁদ, নিষিদ্ধ খালপাটা জাল এবং শিকার কাজে ব্যবহৃত ২টি ডিঙি নৌকা।
বন বিভাগ সূত্রে জানা যায়, বিকেল আনুমানিক ৫টার দিকে চরাপুটিয়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার আসাদুজ্জামান-এর নেতৃত্বে বনকর্মীদের একটি চৌকস দল হলদী খালে নিয়মিত টহল পরিচালনা করছিল। টহলকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বনে অনুপ্রবেশকারী চক্রটিকে দেখতে পেয়ে অভিযান চালায় পুলিশ ও বনকর্মীরা। অপরাধীরা নিষিদ্ধ খালপাটা জাল দিয়ে মাছ ধরার পাশাপাশি হরিণ শিকারের ফাঁদ পাতছিল।
গ্রেপ্তারকৃতরা হলেন— মোংলা থানার ছায়েরাবাদ এলাকার হেজবুল্লাহ খন্দকার, সামছুল হক, তমেজ শেখ, সবুজ শেখ, সউদ শেখ ও নাহিদ শেখ।
চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। বন অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এআইএল/সকালবেলা