বরিশালে মা ইলিশ সংরক্ষণে অভিযান, ২০ হাজার মিটার জাল জব্দ
সাঈদ পান্থ (বরিশাল): বরিশাল সদর উপজেলার কীর্তনখোলা, আড়িয়াল খাঁ ও কালাবদর নদীতে চলমান ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ এর অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট ও সুতার জাল জব্দ করে বিনষ্ট করা হয়েছে। এ সময় আইন অমান্যের দায়ে চারজনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার (১০ অক্টোবর) দিনব্যাপী বরিশাল সদর উপজেলার বিভিন্ন নদ-নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। মা ইলিশ সুরক্ষায় বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ ফরিদা সুলতানার নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে চারজনকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান ও উদ্ধারকৃত অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন ও বরিশাল ব্যাটালিয়ন আনসারের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করেন।
অভিযানকালে ইউএনও ফরিদা সুলতানা জেলেদের উদ্দেশ্যে বলেন, "ইলিশের বংশবৃদ্ধিতে মা ইলিশ সংরক্ষণ অত্যন্ত জরুরি। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত সব ধরনের মাছ ধরা থেকে বিরত থাকতে হবে। সতর্ক করার পরও কেউ আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
নদ-নদীতে মা ইলিশ সংরক্ষণে সরকার নির্ধারিত ২২ দিন জুড়ে এই ধরনের কড়া নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
এআইএল/সকালবেলা