রাজুর ডাকে কক্সবাজার গিয়েছিল স্কুলছাত্রী তাজমিন

প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ণ
রাজুর ডাকে কক্সবাজার গিয়েছিল স্কুলছাত্রী তাজমিন

সকালবেলা প্রতিবেদক: কুমিল্লার আলোচিত সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৫) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ফেসবুকের মাধ্যমে সম্পর্কের সূত্র ধরে রাজু চৌধুরী (২০) নামের এক যুবকের ডাকে সাড়া দিয়েই সে কক্সবাজার গিয়েছিল বলে জানা গেছে। রাজু কক্সবাজারের একটি আবাসিক হোটেলে চাকরি করেন।

পুলিশ ও তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঘটনার ১৭ দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজুর সঙ্গে তাজমিনের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে রাজুর সঙ্গে কক্সবাজারের একটি ট্রাভেল এজেন্সির কাউন্টারে বাসের টিকিট কাটার সময় তাজমিনকে দেখা যায়। পরদিন বুধবার দুপুর ১২টার দিকে আইকনিক এক্সপ্রেসের বাসে করে সে কুমিল্লার উদ্দেশে রওনা দেয় এবং বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকার হোটেল নূরজাহানের সামনে এসে নামে।

তাজমিনের মা কেয়া খাতুন জানান, গত বৃহস্পতিবার বিকেলে মেয়ের সঙ্গে তাঁর শেষ কথা হয়েছিল। তখন তাজমিন এক বান্ধবীর সঙ্গে আছে বলে মিথ্যা বলেছিল। মেয়ের চলাফেরা নিয়ে তিনি আগে থেকেই উদ্বিগ্ন ছিলেন এবং যেকোনো অঘটনের আশঙ্কায় প্রায় ছয় মাস তাকে স্কুলেও যেতে দেননি। তবে এত সতর্কতার পরও শেষ পর্যন্ত রক্ষা করা যায়নি।

তাজমিনের শিক্ষক সাদ বিন এরশাদ জানান, তাজমিন খুব চঞ্চল স্বভাবের ছিল। বাবা ওষুধ কোম্পানিতে চাকরি করায় সকালে বেরিয়ে রাতে ফিরতেন, আর মা অসুস্থ থাকায় ছোট দুই যমজ ভাইয়ের দেখভাল করতে হতো তাকে। অভিমান করে সে মাঝেমধ্যে হুটহাট বাসা থেকে বের হয়ে যেত।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, কক্সবাজার থেকে ফেরার পর সিএনজিচালিত অটোরিকশাচালক মো. সুমন মিয়া (৩৫) একা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং ইতোমধ্যে আদালতে সে নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

এআইএল/সকালবেলা