ট্রাম্প-পুতিন ডিজেল চুক্তিতে সুইডেনের ক্ষোভ
সকালবেলা অনলাইন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সম্প্রতি ঘোষিত ডিজেল সরবরাহ চুক্তি নিয়ে তীব্র অসন্তোষ ও হতাশা প্রকাশ করেছেন সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, জ্বালানি খাত থেকে প্রাপ্ত আয় রাশিয়ার যুদ্ধ পরিচালনার অন্যতম প্রধান অর্থনৈতিক উৎস।
শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সুইডিশ প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ডিজেল সরবরাহের এই চুক্তিতে তাঁরা অত্যন্ত হতাশ। রাশিয়ার ওপর আন্তর্জাতিক চাপ আরও বৃদ্ধি করা এবং ইউক্রেনকে অতিরিক্ত সহায়তা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি পুনর্ব্যক্ত করেন যে ইউক্রেনের প্রতি সুইডেনের সমর্থন আগের মতোই থাকবে।
ক্রিস্টারসন নিশ্চিত করেন যে সোমবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়ার বিরুদ্ধে এযাবৎকালের সর্ববৃহৎ নিষেধাজ্ঞার প্যাকেজ অনুমোদন করতে যাচ্ছে, যেখানে রাশিয়ার সামরিক-শিল্প খাতের ১,৬০০টি প্রতিষ্ঠান ও সংস্থাকে কালো তালিকাভুক্ত করা হবে। এই পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়ে তিনি রাশিয়ার ওপর চাপ বজায় রাখতে 'ছায়া নৌবহর'-এর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এবং ইউরোপে জব্দকৃত রুশ সম্পত্তি ইউক্রেনের পুনর্গঠনে কাজে লাগানোর ওপর তাগিদ দেন।
এর আগে শুক্রবার টেলিফোনে দীর্ঘ আলোচনার পর প্রেসিডেন্ট ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানান, যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে অবিলম্বে ৩ লাখ টনের বেশি ডিজেল সরবরাহে সম্মত হয়েছে রাশিয়া। চুক্তি অনুযায়ী পর্যায়ক্রমে আরও লাখ লাখ টন ডিজেল সরবরাহ করার কথা রয়েছে, যাকে পুতিন বিশ্ব অর্থনীতির জন্য উপকারী বলে বর্ণনা করেন। তবে এই পদক্ষেপ রাশিয়ার ওপর মার্কিন চাপ শিথিল করার ইঙ্গিত হিসেবে দেখছে ইউরোপীয় মিত্ররা।
এআইএল/সকালবেলা