মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আটক করল পুলিশ

প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ণ
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আটক করল পুলিশ

অনলাইন ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লিতে বেআইনিভাবে জমায়েত করা এবং ধর্না কর্মসূচি পালন করার অভিযোগে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জিকে আটক করেছে দিল্লি পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) দিল্লির সাউথ অ্যাভিনিউ এলাকায় নিজের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত তৃণমূলের একাধিক প্রবীণ নেতা ও সংসদ সদস্যকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, ভারতের প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে চলমান রাজনৈতিক প্রতিবাদের অংশ হিসেবে শনিবার সকাল থেকে দিল্লির সাউথ অ্যাভিনিউতে নিজ বাসভবনের সামনে অবস্থান ধর্ণায় বসেন মমতা ব্যানার্জি। এ সময় তাঁর সাথে ধর্ণায় যোগ দেন সংসদ সদস্য দোলা সেন, প্রতিমা মণ্ডল এবং ডেরেক ও’ব্রায়েনসহ একাধিক বর্ষীয়ান তৃণমূল নেতা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকাটিতে আগে থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। ধর্ণা শুরু হলে দিল্লি পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে নিষিদ্ধ এলাকায় বেআইনি জমায়েতের বিষয়টি তুলে ধরেন এবং অবস্থান প্রত্যাহার করে এলাকা ত্যাগ করার অনুরোধ জানান। তবে পুলিশি নির্দেশ ও নিষেধাজ্ঞা সত্ত্বেও মমতা ব্যানার্জি এবং তৃণমূলের নেতা-কর্মীরা সেখানে অবস্থান অব্যাহত রাখেন।

পুলিশের বারবার দেওয়া নির্দেশ অমান্য করে ধর্ণা চালিয়ে গেলে একপর্যায়ে দিল্লি পুলিশ শক্ত অবস্থানে যায় এবং মমতা ব্যানার্জিসহ আন্দোলনরত তৃণমূল নেতাদের আটক করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়। আটকের সময় তৃণমূলের সামাজিক যোগাযোগমাধ্যম ও নিজস্ব প্ল্যাটফর্মে সরাসরি ভিডিও (লাইভ) প্রচার করে সার্বিক পরিস্থিতি ও পুলিশের আচরণের তীব্র প্রতিবাদ জানানো হয়।

বর্তমানে সাউথ অ্যাভিনিউ ও আশপাশের স্পর্শকাতর এলাকাগুলোতে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে।