সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা ফায়ার

প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ণ
সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা ফায়ার

কাঞ্চন কুমার (কুষ্টিয়া প্রতিনিধি): কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছেন। এ সময় সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা ও স্থানীয় বাসিন্দাদের সুরক্ষায় বিজিবিও পাল্টা ফায়ার করেছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাছে, বাংলাদেশ সীমান্ত থেকে আনুমানিক ৩০০ গজ ভারতের অভ্যন্তরে এ গুলির ঘটনা ঘটে।

৪৭ বিজিবি ব্যাটালিয়নের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে বিএসএফের আচমকা গুলিবর্ষণে এক বাংলাদেশি পায়ে গুলিবিদ্ধ হন। ঘটনার পরপরই জামালপুর বিওপির টহলদল দ্রুত সীমান্ত এলাকায় অবস্থান নেয়। বিজিবি সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা রক্ষা ও আত্মরক্ষার্থে পাল্টা ফায়ার চালায়।

ঘটনার পর থেকে সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। বর্তমানে সীমান্তজুড়ে বাড়তি সতর্কতা জারি রয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। একই সঙ্গে সীমান্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্থানীয় বাসিন্দাদের অননুমোদিত যেকোনো তৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

এআইএল/সকালবেলা