দীঘিনালায় প্রজ্ঞাজ্যোতি ভান্তের ৫২তম জন্মবার্ষিকী উদযাপন
রুপম চাকমা (দীঘিনালা): খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী দশবল বৌদ্ধ রাজ বিহারের অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাজ্যোতি ভান্তের ৫২তম শুভ জন্মদিন উদযাপন করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকালে আনন্দঘন পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে প্রজ্ঞাজ্যোতি ভান্তের ৫২তম শুভ জন্মদিনের আনুষ্ঠানিকতা সূচনা হয়।
অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা পরিচালনা করেন শান্তি লোচন চাকমা। এ সময় প্রজ্ঞাজ্যোতি ভান্তে বিশ্বের সকল প্রাণীর সুখ, শান্তি ও মঙ্গল কামনায় বুদ্ধ মূর্তি দান, সংঘদান ও অষ্টপরিষ্কার দানসহ নানা পুণ্যময় ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেন।
উল্লেখ্য, ভদন্ত প্রজ্ঞাজ্যোতি ভান্তে পার্বত্য ভিক্ষু সংঘ, বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি এবং দীঘিনালা বোয়ালখালী দশবল পার্বত্য চট্টগ্রাম বৌদ্ধ অনাথ আশ্রমের প্রতিষ্ঠাতা হিসেবে দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
জন্মদিন উপলক্ষে উপস্থিত শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা ফুল দিয়ে ভান্তের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে উপস্থিত বৌদ্ধ ধর্মাবলম্বীরা আশা প্রকাশ করেন, প্রজ্ঞাজ্যোতি ভান্তে ভবিষ্যতেও বৌদ্ধধর্মের শিক্ষা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় অবদান রেখে যাবেন।
পরিশেষে ভদন্ত প্রজ্ঞাজ্যোতি ভান্তের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করে উৎসবের সমাপ্তি ঘটে।
এআইএল/সকালবেলা