সরকারি অনুদান সুষম বণ্টনের আশ্বাস প্রতিমন্ত্রী রাজীব আহসানের

প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ণ
সরকারি অনুদান সুষম বণ্টনের আশ্বাস প্রতিমন্ত্রী রাজীব আহসানের

সাঈদ পান্থ (বরিশাল): আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মাল্টিমিডিয়া অডিটোরিয়াম কমপ্লেক্সে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য এবং নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজীব আহসান। মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজুর রহমানের সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম হাসান, মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন, কাজিরহাট থানার ওসি মো. সিদ্দিকুর রহমান, বিএনপি নেতৃবৃন্দ এবং উপজেলার ২৩টি পূজামণ্ডপ কমিটির প্রতিনিধি ও পুরোহিতরা উপস্থিত ছিলেন।

সভায় পূজা উপলক্ষে নিরাপত্তা জোরদার, প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সার্বক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, "ধর্মীয় উৎসব যেন সবাই আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন করতে পারে, সে লক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। প্রতিটি পূজামণ্ডপে সরকারি অনুদানের অর্থ সমান ও সুষমভাবে বণ্টন করা হবে। এর পাশাপাশি ব্যক্তিগত তহবিল থেকেও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।"

প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সমন্বিত প্রচেষ্টায় একটি সুন্দর উৎসব উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন সভায় উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এআইএল/সকালবেলা