রাষ্ট্র-রাজনীতিতে আলেমদের উপেক্ষার পরিণতি শুভ হবে না: চরমোনাই পীর
সকালবেলা অনলাইন: রাষ্ট্র ও রাজনীতিতে উলামায়ে কেরামকে সম্পৃক্ত না করার ঐতিহাসিক ভুলের সমালোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, প্রতিটি পটপরিবর্তনে আলেমসমাজ অগ্রণী ভূমিকা রাখলেও রাষ্ট্র পুনর্গঠনে তাঁদের উপেক্ষা করা হয়। এর পরিণতি কখনো ভালো হয়নি এবং জনগণের প্রত্যাশাও অধরা থেকে যায়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত ‘ন্যাশনাল ওলামা সামিট’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট টেনে চরমোনাই পীর বলেন, আলেমদের রক্ত ও ত্যাগে অর্জিত পটপরিবর্তনের পর বর্তমান রাষ্ট্র পুনর্গঠনের কাজে উলামায়ে কেরামকে পূর্ণাঙ্গভাবে সম্পৃক্ত করতে হবে। একই সাথে দেশের চলমান সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ডেঙ্গু ও হামে মানুষের প্রাণহানি হলেও সরকারের কার্যকর তৎপরতা নেই। জনদুর্ভোগ লাঘব না করে দ্রব্যমূল্য বাড়িয়ে সংকট জনগণের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। সমস্যার গভীরে গিয়ে স্থায়ী সমাধানের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
সম্মেলনে সারাদেশের শতাধিক শীর্ষস্থানীয় আলেম অংশ নেন। অনুষ্ঠান শেষে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ২০২৭-২৮ সেশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এতে মুফতি মিজানুর রহমান সাঈদ সভাপতি এবং মুফতি রেজাউল করীম আবরার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অনুষ্ঠানে আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী ও ড. এএফএম খালিদ হোসেনসহ শীর্ষ ওলামা-মাশায়েখবৃন্দ উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা