গরু চুরির নতুন কৌশল: খামারেই গরু জবাই করে মাংস নিয়ে গেল চোরচক্র
পঙ্কজ সরকার নয়ন (কালীগঞ্জ প্রতিনিধি): গাজীপুরের কালীগঞ্জে গরু চুরির কৌশলে নতুন ও ভয়াবহ মাত্রা যোগ করেছে সংগঠিত চোরচক্র। রাতের আঁধারে খামারে ঢুকে আস্ত গরু চুরি করে নিয়ে যাওয়ার বদলে এবার খামারের ভেতরেই গরু জবাই করে চামড়া ও নাড়িভুঁড়ি ফেলে রেখে শুধু মাংস নিয়ে গেছে তারা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) গভীর রাতে উপজেলার আড়িখোলা গ্রামের মোজাফর মোল্লার বাড়ির খামারে এই অভিনব চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় খামারি ও কৃষকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ক্ষতিগ্রস্ত খামারের মালিক রাশেদ মোল্লার স্ত্রী খাদিজা আক্তার জানান, খামারে থাকা পাঁচটি গরুর মধ্যে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি গাভী জবাই করে মাংস নিয়ে গেছে দুষ্কৃতকারীরা। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, খামারে ঢুকে গরু জবাই করে মাংস নিয়ে যাওয়ার ঘটনা চোরচক্রের চরম দুঃসাহসের প্রমাণ। বাধা দিতে গেলে প্রাণহানির মারাত্মক ঝুঁকিও ছিল। বর্তমানে চরম আর্থিক ক্ষতির পাশাপাশি তারা জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, চোরচক্রের এমন নৃশংস ও অভিনব কৌশল এর আগে কখনো দেখা যায়নি। সকালে খামারে গরুর বদলে রক্তের দাগ ও নাড়িভুঁড়ি পড়ে থাকতে দেখে সবাই হতবাক হয়ে পড়েছেন। অপরাধ দমনে রাতে পুলিশের টহল জোরদার, গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বৃদ্ধি এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।
এআইএল/সকালবেলা