ডোমার সীমান্তপাড়া খাল উপ-প্রকল্পের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
মোঃ মকবুলার রহমান (ডোমার প্রতিনিধি): নীলফামারীর ডোমারে ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সীমান্তপাড়া খাল উপ-প্রকল্পে ‘অরিয়েন্টেশন অন ফরমেশন অব অর্গানাইজিং কমিটি’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) ডোমার উপজেলার সীমান্তপাড়া খাল পাবসস কার্যালয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে উপ-প্রকল্পের ব্যবস্থাপনা ও কার্যকরী কমিটির মোট ৩০ জন সদস্য অংশ নেন। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে পানি সম্পদের সঠিক ব্যবহার, সুষ্ঠু ব্যবস্থাপনা ও দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ নিশ্চিত করাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য। কর্মশালায় খানা তালিকা প্রস্তুত, সঞ্চয় ও শেয়ার সংগ্রহ, বাঁধে বৃক্ষরোপণ এবং গেট অপারেটর নিয়োগসহ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
প্রশিক্ষণ পর্ব শেষে প্রান্তিক সদস্যদের কর্মসংস্থান ও স্বাবলম্বিতা বাড়াতে উপ-প্রকল্পের পাঁচজন নারী সদস্যের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। সেলাই মেশিন প্রাপ্তরা হলেন—জান্নাতুল বানু মিতু, রুপালি আক্তার, রাশেদা আক্তার, তাসলিমা আক্তার ও আনোয়ারা বেগম।
অনুষ্ঠানে এলজিইডি নীলফামারীর নির্বাহী প্রকৌশলী মোঃ শামিম আখতার, ডোমার উপজেলা প্রকৌশলী মোঃ ফিরোজ আলম, ১নং ভোগডাবুড়ী ইউপি চেয়ারম্যান মোঃ রেয়াজুল ইসলাম কালু এবং সীমান্তপাড়া খাল পাবসস লিঃ-এর সভাপতি মোঃ আব্দুল মালেকসহ এলজিইডি ও স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা