সুনামগঞ্জের শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা এসআই সঞ্জয়
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে বিশেষ সম্মাননা ও ক্রেস্ট অর্জন করেছেন দোয়ারাবাজার থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় দত্ত।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম উপস্থিত থেকে তাঁর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন।
পুলিশ সূত্রে জানা যায়, সেপ্টেম্বর-২০২৬ মাসে পেশাগত দক্ষতা প্রদর্শন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং সীমান্ত এলাকায় রেকর্ড পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সম্মাননা স্মারক গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় এসআই সঞ্জয় দত্ত বলেন, "উর্ধ্বতন কর্তৃপক্ষের এই মূল্যায়ন আমার কাজের প্রতি বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। এতে আমার দায়িত্ববোধ আরও বহুলাংশে বেড়ে গেল। দোয়ারাবাজার সীমান্ত ও সংলগ্ন এলাকাকে সম্পূর্ণ মাদক ও অপরাধমুক্ত না করা পর্যন্ত আমাদের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।"
এআইএল/সকালবেলা