নাসিরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় কুমারখালীতে মামলা
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় কুমারখালী থানায় অবশেষে মামলা দায়ের করা হয়েছে।
গত ৭ অক্টোবর রাতে জাতীয় নাগরিক পার্টি কুষ্টিয়া শাখার আহ্বায়ক জান্নাতুল ফেরদাউস টনি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ অক্টোবর রাতে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী কুষ্টিয়ার ঐতিহ্যবাহী লালন শাহের মাজার পরিদর্শনে আসেন। তিনি ও দলের অন্যান্য নেতৃবৃন্দ মাজার পরিদর্শন শেষে মূল ফটক দিয়ে রাত সাড়ে আটটার দিকে বের হওয়ার সময় হামলাকারীরা পূর্বপরিকল্পিতভাবে তাঁদের ওপর চড়াও হয়।
হামলাকারীরা নাসিরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপসহ লাঠি, বাঁশ, পাইপ, লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে মারধর করে। এ সময় তাঁর ব্যবহৃত গাড়িটিও ভাঙচুর করা হয়। পরে পুলিশের কড়া নিরাপত্তায় তিনিসহ অন্য নেতারা অক্ষত অবস্থায় সেখান থেকে বের হন। এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনার রাতেই মামলা করতে কুমারখালী থানায় গেলে হামলাকারীরা থানা ঘেরাও করে হুমকি প্রদান করে। ফলে নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিক ফিরে আসতে হয় এবং পরিস্থিতি কিছুটা অনুকূলে এলে এজাহার দায়ের করা হয়।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে মামলার বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। তবে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
এআইএল/সকালবেলা