নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগে যুবককে পুলিশে সোপর্দ

প্রকাশ: শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ণ
নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগে যুবককে পুলিশে সোপর্দ

বিশেষ প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার অভিযোগে আবুল হাসেম (৪৫) নামের এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শুক্রবার (৯ অক্টোবর) বেলা দুইটার দিকে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জামালপুর উত্তরপাড়া বেপারী বাড়ি মসজিদসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, আবুল হাসেমের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে দীর্ঘদিন ধরে মহানবী (সা.)-কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য পোস্ট দেওয়ার অভিযোগ আসছিল। শুক্রবার জুমার নামাজ শেষে জামালপুর মধ্যপাড়া মসজিদের ইমাম মোতালেব ক্বারি বিষয়টি নিয়ে মুসল্লিদের সঙ্গে আলোচনা করেন। এর পরপরই বিক্ষুব্ধ জনতা আবুল হাসেমকে তাঁর বাড়ি থেকে বের করে এনে মারধর করেন।

খবর পেয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া দ্রুত পুলিশ টিম নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে স্থানীয় লোকজনের হাত থেকে তাঁকে উদ্ধার করে থানায় নেওয়া হয়। ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও আইনি পদক্ষেপের অংশ হিসেবে মসজিদের ইমাম মোতালেব ক্বারি বাদী হয়ে অভিযোগ দাখিল করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা ও অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এআইএল/সকালবেলা