ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঘটলে দায় জামায়াতের: শামা ওবায়েদ

প্রকাশ: শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ণ
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঘটলে দায় জামায়াতের: শামা ওবায়েদ

বিশেষ প্রতিনিধি: বিরোধী দল যথাযথ দায়িত্ব পালন না করার সুযোগে দেশে আবারও ফ্যাসিবাদী শক্তির উত্থান ঘটলে তার দায় জামায়াতে ইসলামীকে নিতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ফরিদপুরের নগরকান্দায় অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে স্থানীয় বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, "বিগত ১৭ বছরে এ দেশের মানুষ সীমাহীন অত্যাচার, গুম ও মামলা-হামলার শিকার হয়েছে। ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের পর দেশ যখন স্থিতিশীলতার পথে হাঁটছে, ঠিক তখনই পরাজিত শক্তি পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে।" বিরোধী দলের রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, তারা যদি দায়িত্বশীল আচরণ না করে এবং সেই সুযোগে স্বৈরাচারী শক্তি ফিরে আসে, তবে এর দায়ভার ‘গুপ্ত জামায়াতকে’ নিতে হবে।

বিদ্যুৎ খাতের চিত্র তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এ খাতে নজিরবিহীন দুর্নীতি হয়েছে। পরবর্তীতে ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময়ও বিদ্যুৎ খাতের উন্নয়নে কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। তবে বর্তমান সরকার দেশীয় সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে সুপরিকল্পিত কাজ শুরু করেছে বলে জানান তিনি। এ সময় দলে কোনো সুযোগসন্ধানী ফ্যাসিবাদী দোসর যেন অনুপ্রবেশ করতে না পারে, সে বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।

এর আগে নেতাকর্মীদের অংশগ্রহণে নগরকান্দা সদরের প্রধান প্রধান সড়কে একটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে এমএন একাডেমি মাঠে আয়োজিত সমাবেশে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা