হুমকিদাতারা এলে জুতার মালা পরানো হতো: তারেক রহমান
সকালবেলা অনলাইন: জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেককে ঘিরে সাম্প্রতিক হুমকির ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের প্রধান বা আমিরসহ উপস্থিত হলে অতীতের অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারত এবং তাঁদের আবার জুতার মালা পরতে হতো বলে মন্তব্য করেছেন আম জনতার সাধারণ সম্পাদক মো. তারেক রহমান।
শুক্রবার (৯ অক্টোবর) বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান জানান, সাধারণ সময়ে তিনি মাঝেমধ্যে বায়তুল মোকাররমে জুম্মার নামাজ আদায় করতে আসলেও খতিব আব্দুল মালেককে কেন্দ্র করে তৈরি হওয়া সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতি ও হুমকির প্রেক্ষাপটে আজ বিশেষভাবে সেখানে উপস্থিত হয়েছেন।
তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, "যাঁরা খতিবকে হুমকি দিয়েছেন, তাঁরা যদি তাঁদের আমিরসহ এখানে আসতেন, তবে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটত এবং আবার জুতার মালা পরা নিশ্চিত হতো।" পরিস্থিতি পর্যবেক্ষণে সাধারণ মুসল্লি ও আলেম-ওলামারা সম্পূর্ণ সজাগ দৃষ্টি রাখছেন বলে উল্লেখ করেন তিনি।
দেশের মানুষের ধর্মীয় আবেগের কথা তুলে ধরে আম জনতার এই নেতা বলেন, রাজনৈতিক মতাদর্শ যা-ই হোক না কেন, এ দেশের মানুষ ধর্মপ্রাণ এবং তারা নিজ নিজ ধর্মীয় বিধান মেনে চলতে পছন্দ করে। প্রত্যেকেরই দ্বীনি বিষয়ে সুনির্দিষ্ট মুরুব্বি ও ওস্তাদ রয়েছেন, যা সবার জানা।
সংক্ষিপ্ত বক্তব্য শেষে তিনি উপস্থিত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
এআইএল/সকালবেলা