সখীপুরে মাছ ধরতে গিয়ে যুবকের রহস্যজনক মৃত্যু

প্রকাশ: শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ণ
সখীপুরে মাছ ধরতে গিয়ে যুবকের রহস্যজনক মৃত্যু

মনির হোসেন (সখিপুর উপজেলা প্রতিনিধি): টাঙ্গাইলের সখীপুরে নকিল বিলে নৌকা থেকে পানিতে পড়ে আমিনুল ইসলাম (২৮) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার বহেড়াতৈল এলাকার বিলে এ দুর্ঘটনা ঘটে। তাঁর এই আকস্মিক মৃত্যুকে ঘিরে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও রহস্যের সৃষ্টি হয়েছে।

নিহত আমিনুল ইসলাম সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ও কাঁচাবাজার এলাকার ভ্যানচালক আমজাদ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে নকিল বিলে নৌকায় করে মাছ ধরতে যান আমিনুল। একপর্যায়ে তিনি নৌকা থেকে বিলে পড়ে তলিয়ে যান। পরবর্তীতে স্থানীয়রা তাঁকে উদ্ধার করলেও তাঁর মৃত্যুর সঠিক কারণ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। এটি কেবলই পানিতে ডুবে যাওয়া দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে তা নিয়ে নিশ্চিত হতে পারেননি স্থানীয়রা।

এ মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সঠিক তদন্ত দাবি করেছেন এলাকাবাসী।

এআইএল/সকালবেলা