ব্রাহ্মণপাড়ায় বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষক, পাঠদান ব্যাহত

প্রকাশ: শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ণ
ব্রাহ্মণপাড়ায় বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষক, পাঠদান ব্যাহত

সাইফুল ইসলাম ফাহাদ (দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া, কুমিল্লা): কুমিল্লার ব্রাহ্মণপাড়ার বেড়াখলা আব্দুল মতিন খসরু বালিকা উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে নিয়মিত পাঠদান বন্ধ থাকায় অনিশ্চয়তার মুখে পড়েছে কয়েকশ ছাত্রীর ভবিষ্যৎ। সরেজমিনে পরিদর্শনে গিয়ে বিদ্যালয়টিতে শিক্ষক ও শিক্ষার্থীদের অনুপস্থিতিতে সুনসান নীরবতা দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষকদের চরম দায়িত্বহীনতা ও নিয়মিত অনুপস্থিতির কারণে ক্ষুব্ধ অভিভাবকরা সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছেন। এতে পুরোপুরি ব্যাহত হচ্ছে এলাকার মেয়েদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম।

অভিভাবকেরা অভিযোগ করে জানান, শিক্ষক সংকটে শিক্ষার পরিবেশ বিনষ্ট হচ্ছে। শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে এবং শিক্ষার মান পুনরুদ্ধারে অবিলম্বে সাবেক প্রধান শিক্ষককে পুনর্বহালের দাবি জানান তাঁরা।

এ বিষয়ে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্থানীয় প্রশাসন ও এলাকার সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেছেন উদ্বিগ্ন অভিভাবক ও এলাকাবাসী।

এআইএল/সকালবেলা