রাজবাড়ীতে ৩০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার
রাসেল মিয়া (রাজবাড়ী): রাজবাড়ীর গোয়ালন্দে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক অভিযানে ৩০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত ঝুটবোঝাই একটি কার্গো ট্রাক ও তিনটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা।
সোমবার (১২ অক্টোবর) ভোরে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের দৌলতদিয়া বাস টার্মিনালের সামনে বিশেষ চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. রমজান আলী (৩৪), ট্রাকচালক মো. আরমান হোসেন ইউনুস (৩০) ও হেলপার মো. আরিফ হোসেন (৩২)। তাঁদের সবার বাড়ি যশোরের বেনাপোল এলাকায়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো-ট-১৮-১১১৮ নম্বরের একটি টাটা কার্গো ট্রাকে তল্লাশি চালানো হয়। পরে ট্রাকের চালকের পেছনের বক্সে থাকা রমজান আলীর মাথার নিচ থেকে ১৫০টি নীল জিপার ব্যাগে সুকৌশলে রাখা ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে ঢাকা থেকে সংগ্রহ করে যশোরে নেওয়া হচ্ছিল।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী গোয়ালন্দঘাট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এআইএল/সকালবেলা