শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্টে মুরগি খামারির মৃত্যু
মেহেদী হাসান মারুফ, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে নিজ খামারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রাজ্জাক গাজী (৫৭) নামে এক খামারির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর (চুনকুড়ি) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজ্জাক গাজী ওই গ্রামের সাবেক ইউপি সদস্য আরশাদ আলী গাজীর বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আব্দুর রাজ্জাক নিজের মুরগির খামারে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে হাত পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি দেখতে পেয়ে তাঁর স্ত্রী দ্রুত খামারের মেইন সুইচ বন্ধ করে দেন। পরবর্তীতে প্রতিবেশীদের সহায়তায় আশঙ্কাজনক অবস্থায় তাঁকে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাফিউল আলম পাটোয়ারী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এআইএল/সকালবেলা