ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
স্পোর্টস ডেস্ক: বড় লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরুর আভাস দিলেও শেষ পর্যন্ত মিডল অর্ডারের ব্যর্থতায় পরাজয় দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। স্বর্ণা আক্তারের লড়াকু ফিফটিও দলের হার ঠেকাতে পারেনি। মঙ্গলবার (২৮ এপ্রিল) সিলেটে অনুষ্ঠিত তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ২৫ রানে হেরেছে স্বাগতিক টাইগ্রেসরা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা নারী দল। লঙ্কান দুই ব্যাটার ইমিষা দুলানি ও হার্ষিতা সামাবিক্রমার জোড়া ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬১ রানের বড় সংগ্রহ দাঁড় করায় সফরকারীরা। হার্ষিতা ৩৫ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেন, যেখানে ৫টি চার ও ২টি ছক্কার মার ছিল। অন্যদিকে ইমিষা করেন ৪০ বলে ৫৫ রান। বাংলাদেশের বোলারদের মধ্যে সুলতানা খাতুন ২০ রানে ২টি উইকেট শিকার করেন।
১৬২ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা ছিল ঝোড়ো। বিশেষ করে ওপেনার দিলারা আক্তার আক্রমণাত্মক মেজাজে খেলা শুরু করেন। তবে ৩৯ রানের উদ্বোধনী জুটি ভাঙার পরই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ১২ বলে ১৬ রান করে জুরাইয়া ফেরদৌস আউট হওয়ার পর মাত্র ৫ রানের ব্যবধানে আরও ৩টি উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। দিলারা আক্তার ১৪ বলে ২৩ রান করে সাজঘরে ফেরেন।
দলের ব্যাটিং ধসের মুখে এক প্রান্ত আগলে রেখে একাই লড়াই চালিয়ে যান স্বর্ণা আক্তার। তিনি ৪৫ বলে ৬০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। তবে অন্য ব্যাটারদের দিক থেকে যোগ্য সঙ্গ না পাওয়ায় বাংলাদেশের ইনিংস শেষ পর্যন্ত ১৩৬ রানে থেমে যায়। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে এই রান তুলতে সক্ষম হয় টাইগ্রেসরা। এই জয়ের ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ