মনিরামপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ণ
মনিরামপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

আব্দুল্লাহ আল মামুন (যশোর প্রতিনিধি): যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নে দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় রুহুল আমিন (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলচালক রিফাত (২৪) আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রোহিতা বাজারের জামায়াত অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন মনিরামপুর উপজেলার কোদলাপাড়া গ্রামের বাসিন্দা এবং আহত রিফাত একই উপজেলার খড়কি এলাকার রশিদের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে রোহিতা বাজার এলাকায় পায়ে হেঁটে সড়ক পার হচ্ছিলেন রুহুল আমিন। এ সময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে পথচারী রুহুল আমিন ও মোটরসাইকেলচালক রিফাত দুজনেই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টা ২০ মিনিটে রুহুল আমিনের মৃত্যু হয়।

নিহতের লাশ পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এআইএল/সকালবেলা