গাছতলায় ঠাঁই হওয়া সেই বৃদ্ধের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ণ
গাছতলায় ঠাঁই হওয়া সেই বৃদ্ধের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিবেদক: জীবনের শেষ বয়সে ছয় সন্তানকে মানুষ করলেও ভাগ্যে জুটেছিল গাছতলার আশ্রয়— ৯৫ বছর বয়সী অসহায় বৃদ্ধ হাজী শামসুল হক মোল্লার এমন মানবিক দুরবস্থার খবর দৃষ্টিগোচর হওয়ার পর তাৎক্ষণিক খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল গোপালগঞ্জের কোটালীপাড়ায় বৃদ্ধের বাড়িতে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহমর্মিতা ও উপহার পৌঁছে দেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উত্তর হিরন গ্রামে হাজী শামসুল হক মোল্লার বাড়িতে এই মানবিক কর্মসূচি পরিচালিত হয়।

এর আগে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি বাংলাদেশ বিএনপি চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। এরপরই তিনি তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে বৃদ্ধের নিরাপদ আশ্রয় ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার জন্য জরুরি নির্দেশনা দেন।

নির্দেশনার পরিপ্রেক্ষিতে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে প্রতিনিধি দলটি সরেজমিনে সেখানে উপস্থিত হন। এ সময় মোকছেদুল মোমিন মিথুন জানান, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ইতোমধ্যে বৃদ্ধের সন্তানরা ভুল বুঝতে পেরে তাঁকে পুনরায় নিজ বাড়িতে ফিরিয়ে নিয়েছেন এবং আমৃত্যু তাঁর যথাযথ ভরণপোষণ ও সেবাযত্ন করার মুচলেকা দিয়েছেন। বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে।

উল্লেখ্য, হাজী শামসুল হক মোল্লা সারাজীবন কঠোর পরিশ্রম করে দুই ছেলে ও চার মেয়েকে বড় করেছিলেন। সম্প্রতি নিজের সব জমিজমা সন্তানদের মধ্যে লিখে দেওয়ার পর তাঁদের অবহেলায় বসতভিটা হারিয়ে বাড়ির পাশের একটি গাছতলার নিচে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হন তিনি। সংবাদমাধ্যমে এই হৃদয়বিদারক ঘটনা প্রচার হওয়ার পর টনক নড়ে প্রশাসনের ও নীতিনির্ধারকদের।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমদ, শাহাদাত হোসেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, ছাত্রনেতা মশিউর রহমান মহান ও আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এআইএল/সকালবেলা