পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসাসেবা চালুর উদ্যোগ নিয়েছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ণ
পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসাসেবা চালুর উদ্যোগ নিয়েছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

ওয়াফিক শিপলু (বগুড়া প্রতিনিধি): সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) পদ্ধতিতে ঢাকার পাঁচটি তৃতীয় স্তরের হাসপাতালে উন্নত চিকিৎসাসেবা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকভাবে পরীক্ষামূলক প্রকল্প হিসেবে এসব হাসপাতালে কার্যক্রম শুরু হবে এবং পরবর্তীতে দেশের অন্যান্য শহরেও তা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, পিপিপি পদ্ধতিতে সেবার মূল্য নির্ধারণে আগামী সপ্তাহে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। ঢাকার কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে বগুড়াসহ অন্যান্য শহরেও এ ব্যবস্থা চালু হবে।

বগুড়াসহ দেশের বিভিন্ন হাসপাতালে প্রায় ২০টি নতুন আইসিইউ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী জানান, সারাদেশে চিকিৎসক সংকট নিরসনে বর্তমানে ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পাশাপাশি সম্প্রতি নিয়োগপ্রাপ্তদের মধ্য থেকে বগুড়ায় ১৭ জন চিকিৎসক পদায়ন করা হয়েছে। এছাড়া সারাদেশে আধুনিক চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনার পরিধি আরও বাড়ানোর আশ্বাস দেন তিনি।

বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাসহ অন্যান্য বিশিষ্টজনদের উপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শজিমেক অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

এআইএল/সকালবেলা